সাঈদীর মামলার বাদী মানিকের দাফন সম্পন্ন, পেয়েছেন গার্ড অব অনার

দাফনের মুহূর্ত; ইনসেটে মুক্তিযোদ্ধা মানিক পশারী
এখন জনপদে
1

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয়দের বাধার মুখে দীর্ঘ সময় তার আটকে থাকলেও অবশেষে প্রশাসনের সহযোগীতায় ‘গার্ড অব অনার’ দেয়ার পর নিজ বাড়িতেই তার দাফন সম্পন্ন হয়।

গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় প্রশাসনের সহায়তায় শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে থাকার পর শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ের জামাতার বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর শনিবার দুপুরে তার মরদেহ পিরোজপুরে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার জন্য মরদেহ সদর উপজেলা পরিষদ চত্বরে নেয়া হলে সেখানে স্থানীয়রা জড়ো হন। পরে মরদেহ দাফন ও গার্ড অব অনার দেয়া নিয়ে স্থানীয়রা বাঁধার সৃষ্টি করেন।

এসময় পুলিশের সহায়তায় মরদেহটি পুলিশ লাইন্সে নেয়া হয়। সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের উদ্যোগ নেয়া হলেও, উৎসুক জনতার বাধার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে হস্তান্তর করা হয়নি।

এরপর রাত ১টা পর্যন্ত মরদেহটি পুলিশ লাইন্সে পুলিশের হেফাজতে রাখা হয়। পরে রাত দেড়টার দিকে প্রশাসনের সহায়তায় মরদেহ দাফন করা হয়।

এসএইচ