কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১

সড়ক দুর্ঘটনার প্রতীকী
এখন জনপদে
1

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা লেগে রোকন ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি তালগাছে ধাক্কা লাগে তার। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার খবর পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএস