গতকাল (শনিবার, ৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের উত্তর শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চলাচলের রাস্তা নিয়ে নিহত নায়েম খাঁনের পরিবারের সঙ্গে একই এলাকার প্রতিবেশী মো. হোসেন ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ রাস্তার ওপর জোরপূর্বক টিনের বেড়া নির্মাণকে কেন্দ্র করে নায়েম খাঁনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
পরবর্তীতে দুপুরে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের বাড়ির সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. হিরা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই মো. হোসেন (৫০), তার ছেলে মো. ইকবাল হোসেন (২৫) এবং স্ত্রী মায়া আক্তারকে (৪৪) গ্রেপ্তার করে।
আজ (রোববার, ৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে এলাকায় নিয়ে আসা হবে।





