নিয়মিত কর দিয়েও নাগরিক সুবিধা পাচ্ছেন না কালীগঞ্জ পৌরবাসী

ঝিনাইদহ
কালীগঞ্জ পৌরসভায় আটকে থাকা পানি
এখন জনপদে
0

নিয়মিত কর দেয়ার পরও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ঝিনাইদহের কালীগঞ্জ পৌরবাসী। বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতাসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন অধিবাসীরা। বছরের পর বছর এসব সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মাঝে। দ্রুত নাগরিক সেবা বৃদ্ধির দাবি তাদের। পৌর কর্তৃপক্ষ বলছে, সেবার মান বৃদ্ধি করতে হাতে নেয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প।

ভাঙ্গাচোরা সড়ক, উঠে গেছে পিচের আস্তরণ। কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্তের মধ্যে পড়ে ভাঙছে অটোরিকশার চাকা, নষ্ট হচ্ছে বড় যানবাহনের যন্ত্রাংশ। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বেশিরভাগ রাস্তার চিত্রই এমন। বৃদ্ধ শিশু আর গর্ভবতী মায়েদের ভোগান্তি সবচেয়ে বেশি।

শহরের গুরুত্বপূর্ণ অনেক এলাকায় নেই প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা। যেটুকু আছে তাও নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও কাঁদা পানি, কোথাও নোংরা আবর্জনায় দুৰ্বিষহ হয়ে ওঠে চলাচল। নেই পর্যাপ্ত সড়ক বাতিও। বছরের পর বছর এমন ভোগান্তি নিয়েই চলছে কালীগঞ্জ পৌরবাসীর জীবন। বাসিন্দাদের অভিযোগ নিয়মিত পৌরকর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত উন্নতি নেই সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ মৌলিক সেবায়। দ্রুত এ সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার দাবি তাদের।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘পৌরসভার জনগণ আসলে সেই সুবিধা ভোগ করতে পারছে না। এখানকার রাস্তাঘাটগুলোর আসলে একদমই বেহাল দশা।’

আরও পড়ুন:

অন্য একজন বলেন, ‘একটু বৃষ্টি হইলে আপনার হাঁটু সমান জল এবং চারিদিকে মশা এবং চারিদিকে আপনি যদি আরও একটু ভেতরের দিকে যান, আপনি ১০ মিনিট বৃষ্টি হলে আপনি যেতে পারবেন না। জুতো খুলে হাতে নিয়ে যাইতে।’

পৌর কর্তৃপক্ষ বলছে, সেবার মান বৃদ্ধিতে এরইমধ্যে হাতে নেয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। বাস্তবায়ন হলেই কমবে ভোগান্তি।

ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, ‘আমাদের পৌরসভায় এরইমধ্যে কিছু প্রকল্প চলমান আছে। আরও বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হবে। তো আশা করছি যে প্রকল্পগুলো সমাপ্ত হলে আমাদের নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং জনগণের যে যতটুকু ভোগান্তি আছে, এগুলো নিরসন হবে।’

১৯৯০ সালের ১৪ মার্চ স্থাপিত এই পৌরসভাটি ‘ক’ শ্রেণীর উন্নতি হয় ২০১২ সালে। ২০.০২ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় বাস করে প্রায় ৬০ হাজার বাসিন্দা।

এসএস