ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে: তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ী
বিদেশে এখন
0

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলায় আঞ্চলিক দেশগুলোর সহায়তা করার নথিভুক্ত প্রমাণ তেহরানের কাছে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কূটনৈতিক মাধ্যমে বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তোলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, ‘ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তার ক্ষেত্রে অঞ্চলের দেশগুলোর ভূমিকার ইঙ্গিত দেয় এমন সব ঘটনা নথিভুক্ত করা হয়েছে।’ তেহরান বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করবে বলেও জানান তিনি।

বাঘাই বলেন, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান এবং মার্কিন বাহিনীকে দেয়া লজিস্টিকস সহায়তা তাদের জড়িত থাকার বিষয়টিকে স্পষ্ট করে।

অভিযোগ করে তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠীর (ইসরাইল) সামরিক আগ্রাসনের পরিণতির ক্ষেত্রে অঞ্চলের এই দেশগুলোর দায় স্পষ্ট।’

এ সময় প্রতিবেশী দেশগুলোতে ইরানের চালানো হামলার পক্ষেও যুক্তি তুলে ধরেন বাঘাই। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ইসমাইল বাঘাই বলেন, ‘এসব দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইরান কোনো পদক্ষেপ নেয়নি।’ তেহরানের হামলাগুলো সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং ইরানে হামলার কাজে ব্যবহৃত কেবল মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম