মাঠে জলবায়ু সংকটের বোঝা, কপ৩১-এ ন্যায্য অর্থায়নের দাবি উপকূলবাসীর

নাজিরারটেকে প্রচারাভিযান ও সংহতি কর্মসূচি
এখন জনপদে
2

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিন বহন করছেন উপকূলের জেলে, শুঁটকি শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়নের নিশ্চয়তা এখনো অধরা। এ পরিস্থিতিতে ঋণের পরিবর্তে সরাসরি অনুদান এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় স্থানীয় জনগোষ্ঠীর মালিকানা নিশ্চিতের দাবিতে কক্সবাজারের নাজিরারটেকে প্রচারাভিযান ও সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহে দেশব্যাপী আয়োজিত ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় জেলে, শুঁটকি শ্রমিক নারী, তরুণ-তরুণীসহ উপকূলীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন, প্রাণ, জাইদা বাংলাদেশ, উই ক্যান কক্সবাজার ও ওয়াইসিসিএস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে জাইদা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরুখ করিম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি বহন করছেন উপকূলের জেলে, শুঁটকি শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী। সমুদ্রের পরিবর্তিত পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও জীবিকার অনিশ্চয়তায় তাঁদের জীবন কঠিন হয়ে উঠছে। অথচ জলবায়ু সংকটের জন্য সবচেয়ে কম দায়ী মানুষগুলোকেই ঋণের বোঝা বহন করতে হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে সরাসরি অনুদান, প্রযুক্তিগত সহায়তা এবং সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ‘ঋণ নয়, অনুদান’ শীর্ষক প্রতীকী প্রতিবাদ। একটি বড় মাছ ধরার জালে কাপড়ের তৈরি শত শত ‘ঋণ’ ও ‘অনুদান’ লেখা ট্যাগ ঝোলানো হয়। পরে জেলে, শুঁটকি শ্রমিক নারী ও তরুণ স্বেচ্ছাসেবীরা একে একে ‘ঋণ’ লেখা ট্যাগ সরিয়ে ‘অনুদান’ লেখা ট্যাগ যুক্ত করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের দাবিও জালে সংযুক্ত করেন। পরে সম্মিলিতভাবে জাল তুলে ধরে মানববন্ধন করেন তারা।

কর্মসূচিতে বক্তারা কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন বাড়ানোর পাশাপাশি কৃষি, মৎস্য ও খাদ্য ব্যবস্থার জন্য স্থানীয় চাহিদাভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানান। একই সঙ্গে ক্ষুদ্র জেলে, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অনুদান পৌঁছে দেওয়ার দাবি তোলেন।

তারা বলেন, সৌরচালিত বরফকল, মাছ সংরক্ষণাগার ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এসব ব্যবস্থায় স্থানীয় জেলে সমবায়, নারী শ্রমিক ও কমিউনিটি সংগঠনের মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জেলে, কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানান বক্তারা।

আয়োজকরা বলেন, কক্সবাজারের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের অভিজ্ঞতা ও দাবিকে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় গুরুত্ব দিতে হবে। জলবায়ু অর্থায়ন হতে হবে অধিকারভিত্তিক ও অংশগ্রহণমূলক। শুধু অর্থ বরাদ্দ নয়, অর্থের ব্যবহার, মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এএইচ