শ্রমিক বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে বাড়তি নিরাপত্তা, সচল কারখানা

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ চলছে
এখন জনপদে
0

শ্রমিক বিক্ষোভের পর নারায়ণগঞ্জের পোশাক শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। তবে বাড়তি নিরাপত্তার মধ্যেও জেলার সব পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আজ (বুধবার, ১৮ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন চলছে। আন্দোলনের পরও কোনো কারখানা বন্ধের ঘোষণা দেয়া হয়নি। জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, আগে যেসব এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।

মোতায়েনকৃত বিজিবি |ছবি: এখন টিভি

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শিল্পাঞ্চলসহ জেলার নিরাপত্তায় ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের সদস্য সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মুন্সীগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে। এছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এর আগে নিম্নতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফতুল্লার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কয়েক দফায় সড়কে বিক্ষোভ ও অবরোধ করেন। ৪ নভেম্বর সকালে কাঠেরপুল এলাকায় বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর গত সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে ফতুল্লার রামারবাগ এলাকার মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ৪ নভেম্বরের শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশ থানায় একটি মামলা করেছে। সন্ত্রাসবিরোধী আইনে করা ওই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও এক হাজার থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এএইচ