নৌকা ডুবে প্রাণ গেল যুবকের; স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার

উদ্ধারকৃত মরদেহ
এখন জনপদে
0

সাতক্ষীরার কালিগঞ্জের কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে জ‌ড়ি‌য়ে নৌকা ডুবে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল (শনিবার, ২৮ নভেম্বর) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার ময়নার ইটভাটার সংলগ্ন এলাকায় কাকশিয়ালী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল আজিজ স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে কাঠ পরিবহন করছিলেন। এ সময় নদীতে থাকা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে তারা তিনজনই নদীতে পড়ে যান। এতে আব্দুল আজিজ পানিতে ডুবে মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ সময় নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি তার স্ত্রী কাজল বেগম ও শিশু সন্তান আবিরকে জীবিত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কা‌লিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বিষয়‌টি নিশ্চিত করেছেন।

জেআর