ভারত থেকে ফেরার পথে আটক পলাতক যুবক

আটককৃত যুবক
এখন জনপদে
0

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির দাবি, তিনি একজন পলাতক বাংলাদেশি নাগরিক। আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

গতকাল (শনিবার, ২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৪ এস-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেন, গত ২৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে শনিবার বাংলাদেশে ফেরার সময় বিজিবির আভিযানিক দলের হাতে আটক হন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রান্ত তালুকদার ২০২৫ সালে গোপালগঞ্জ জেলার গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ লাভ করেছিলেন। তবে সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয় বলে বিজিবিকে জানিয়েছেন তিনি।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী প্রতিবাদ মিছিলে অংশ নেন এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালান।

পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেআর