৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র; সংকুচিত হওয়ার শঙ্কা কৃষি ও জীবিকা

ফেনী সৌরবিদ্যুৎ কেন্দ্র
এখন জনপদে
0

দেশের জ্বালানি উৎপাদন বাড়াতে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি আরও প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলে হবে প্রায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র। তবে প্রকল্প ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের দাবি, চাঞ্চল্যের সৌরবিদ্যুৎ প্রকল্পের বিস্তারে সংকুচিত হতে পারে কৃষিজমি, ক্ষতিগ্রস্ত হবে জীবিকা। সরকারের উন্নয়ন পরিকল্পনা আর স্থানীয়দের উদ্বেগ-কোন পথে এগোবে সোনাগাজীর চরাঞ্চল?

ফেনীর সোনাগাজীর বিস্তীর্ণ চরাঞ্চল। কোথাও সবুজ ফসলের মাঠ, কোথাও গবাদিপশুর বিচরণ। কৃষিকাজ ও পশুপালনই এখানকার অনেক মানুষের জীবিকার অন্যতম অবলম্বন। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে এ জনপদের ভূমির ব্যবহার।

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়াতে এখানে বড় পরিসরে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। উপজেলার দক্ষিণ চর চান্দিয়ার ২২০ মেগাওয়াটের প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ।

প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিবির অর্থায়নে ২০২৮ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রটি চালু হলে বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে ঘণ্টায় প্রায় প্রায় ৪৪১ গিগাওয়াট বিদ্যুৎ।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক বিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য স্থাপনার জন্য চাঞ্চল্যের জমি অধিগ্রহণ করায় কমেছে কৃষিকাজ ও পশু চরানোর সুযোগ। স্থানীয়দের একটি অংশ বলছে, এ প্রকল্প তখনই তাদের জন্য আশীর্বাদ হবে, যখন এখানকার উৎপাদিত বিদ্যুৎ তাদের বিদ্যুৎ ঘাটতি পূরণে কাজে আসবে।

স্থানীয়রা জানান, সরকার কৃষি জমি নিয়ে গেলে ফসলি জমি আর থাকবে না। ফলে ফসল উৎপাদন ও কমে যাবে।

সরকারের দাবি, কৃষি ও পশুপালনকে বাদ দিয়ে নয়, বরং একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালনের সুযোগ রাখার পরিকল্পনাও রয়েছে।

ফেনীর সোনাগাজীর কৃষি সম্প্রসারণ অফিসার মো. আল আমিন শেখ বলেন, ‘আমাদের এখান দিয়ে যেহেতু বিদ্যুতের চাহিদা খুব বেশি না, আমাদের ২০ থেকে ২৪ মেগাওয়াট হচ্ছে পার ডে বিদ্যুতের চাহিদা। আমরা এখন সরবরাহ পাচ্ছি ১২ বা ১৪ মেগাওয়াট পাচ্ছি পার ডে’তে। তো সোনাগাজী এলাকাবাসীর আমাদের জনগণের একটাই চাওয়া, আমরা যেহেতু এখান থেকে আমাদের বিদ্যুৎটা গ্রিডে যাচ্ছে, জাতীয় গ্রিডে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এলাকাবাসী যারা আছেন সোনাগাজীর জনগণ যেন শতভাগ বিদ্যুৎ পায়।’

শুধু ২২০ মেগাওয়াটের এই কেন্দ্রই নয়, উপজেলার বড়ধলী মৌজায় এরই মধ্যে ৭৫ মেগাওয়াটের একটি প্রকল্প উৎপাদনে রয়েছে। আরও ১৩০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৮৬ একর জমি অধিগ্রহণের প্রকল্প অনুমোদন হয়েছে। পাশাপাশি মুহুরী রেগুলেটর এলাকায় ১৫০ মেগাওয়াটের ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সব প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়াতে পারে প্রায় ৬০০ মেগাওয়াটে।

জেআর