কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ
এখন জনপদে
0

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রাত একটার দিকে দুর্বৃত্তরা এসব ককটেল ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত মধ্যরাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় অবস্থিত জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

একই সময়ে কুষ্টিয়ার মিরপুরে গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের দ্বিতীয় তলায় কর্মকর্তাদের আবাসিক কক্ষে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তের কাজ করছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, জেলা জজের বাসভবনসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের আলামত এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের গ্রেপ্তার করা হবে।

এএম