প্রতিকূল পরিস্থিতিতে চাপে কৃষকরা; কৃষক কার্ডই কি আনবে স্বস্তি?

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের এক কৃষক, যার ফসল শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে
কৃষি , গ্রামীণ কৃষি
এখন জনপদে
0

কিশোরগঞ্জে গড়ে উঠেছে বিশাল এক কৃষি অর্থনীতি। বছরে ১০ হাজার কোটি টাকারও বেশি আয় আসে এই খাত থেকে। তবে প্রাকৃতিক দুর্যোগ আর উৎপাদন খরচ বাড়ায় চাপে কৃষকরা। এমন বাস্তবতায় আশার আলো দেখাচ্ছে সরকারের ‘কৃষক কার্ড’ উদ্যোগ। কিন্তু এই সুবিধা কতটা পৌঁছাবে প্রান্তিক কৃষকের হাতে—সেটিই এখন বড় প্রশ্ন।

ঢাকি ইউনিয়নের কৃষক মো. আজমান আলী। বড়কান্দা হাওরে প্রায় ৪ একর জমিতে করেছিলেন বোরো আবাদ। স্বপ্ন ছিল—ফসল ঘরে তুলতে পারলেই ছেলের বিয়ে দেবেন। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে সেই স্বপ্ন। উল্টো মহাজনের দেনা শোধ করাই এখন বড় দুশ্চিন্তার বিষয়। তাই সরকারের দিকেই তাকিয়ে আছেন তিনি।

কৃষক আজমান আলীর চাওয়া কেবল এটুকুই, যেন সরকার তার মতো কৃষকদের সহায়তা করে।

নতুন সরকারের নানা প্রতিশ্রুতির কিছু এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে—তারই একটি ‘কৃষক কার্ড’। তবে কৃষি নির্ভর এই জেলায় খরা, বন্যা, শিলাবৃষ্টি যেখানে নিত্যসঙ্গী, সেখানে প্রান্তিক পর্যায়ে এই সুবিধা কতটা পৌঁছাবে—সেটিই এখন বড় প্রশ্ন।

কিশোরগঞ্জের কৃষি খাত থেকে বছরে আয় ১০ হাজার কোটি টাকারও বেশি। কৃষি অফিসের তথ্যমতে, জেলায় মোট কৃষক পরিবার রয়েছে ৫ লাখ ২১ হাজার ৬০০টি। এর মধ্যে ভূমিহীন ১ লাখ ৬৩ হাজার ৪৯৩টি, প্রান্তিক ১ লাখ ৪২ হাজার ৮টি এবং ক্ষুদ্র কৃষক পরিবার ৫০ হাজার ১৫৭টি। এদের মধ্যে একটি বড় অংশই সরকারের কৃষি সহায়তার দিকে তাকিয়ে আছেন।

আরও পড়ুন:

এক কৃষক জানান, তাদের চাওয়া ‘কৃষক কাড’ বা সরকারি সহযোগিতা। তবে সেটি কোনো নেতার মাধ্যমে না হয়ে সরাসরি যেন কৃষকদের কাছে পৌঁছায়, সে বিষয়টিও তুলে ধরেন কেউ কেউ।

তবে প্রথম ধাপে কিশোরগঞ্জের কৃষকরা এ সুবিধার আওতায় আসছেন না। স্থানীয়দের অভিযোগ—প্রকৃত কৃষক চিহ্নিত করতেই অনেক সময় ব্যর্থ হন সংশ্লিষ্টরা। ফলে সুবিধা পান বিশেষ এক শ্রেণি, বঞ্চিত হন প্রকৃত চাষিরা।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কৃষকদের পরিচিত করার জন্য একটি ডেটাবেজ তৈরি করার মাধ্যমে কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে। এটি হবে একটি স্মার্ট কার্ড। এ কার্ডের দ্বারা কৃষকরা জাতীয়ভাবে বা সরকারিভাবে একটি পরিচিতি পাবে।’

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই ফসল ফলান কৃষকরা। এই দুর্যোগের চক্রে টিকে থাকতে তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। ‘কৃষক কার্ড’ সেই সহায়তাকে কতটা বাস্তবে রূপ দিতে পারে—সেদিকেই এখন তাকিয়ে কিশোরগঞ্জের কৃষকরা।

এসএইচ