বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলাব-শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি হতে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আপন বেলাব উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতেন। তার পরিবারের দাবি আপনকে অন্য কোথাও হত্যা শেষে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের বাবা মোস্তু মিয়া জানান, গত রাতে এশা নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি তার ছেলে। সকালে খবর পান ধান ক্ষেতে তার ছেলের মরদেহ পড়ে আছে।
আরও পড়ুন:
অপরদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলিপ চন্দ্র সরকার বলেন, ‘সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থান হতে অজ্ঞাত পরিচয় আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মুখমন্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় স্থানীয়রা পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত হতে পারেনি। পরিচয় শনাক্ত করার সব ধরনের চেষ্টা করা হচ্ছে।’
এদিকে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘মাধবদীর মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা হতে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’
নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামদের বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে ভাড়া থাকতেন।





