বরগুনায় বসতঘরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ গৃহকর্তা, আটক ৩

বেতাগী থানা, বরগুনা
এখন জনপদে
অপরাধ
0

বরগুনার বেতাগী উপজেলায় এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের ছোড়া গুলিতে মো. রিমন নামে এক গৃহকর্তা গুরুতর আহত হন। তবে ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল (শনিবার, ১৬ মে) ভোররাতে বেতাগী উপজেলার কিসমত করুনা এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল রিমনের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা ঘরের দরজার নিচ থেকে হঠাৎ গুলি ছুড়লে তা সরাসরি গৃহকর্তা রিমনের পায়ে গিয়ে লাগে। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হন।

ঘরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতরা দ্রুত ভেতরে প্রবেশ করে এবং রিমনের মায়ের গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে চোখের পলকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন:

গুলির শব্দ ও পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। স্থানীয়রা গুলিবিদ্ধ রিমনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমনের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।

খবর পেয়ে বেতাগী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। ঘটনার পরপরই পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালায়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ