নেত্রকোণায় জামাইয়ের কুড়ালের আঘাতে প্রাণ গেলো শাশুড়ির, আটক ৩

দুর্গাপুর থানা
এখন জনপদে
অপরাধ
0

নেত্রকোণার দুর্গাপুরে মেয়ে জামাইয়ের কুড়ালের আঘাতে শ্বাশুড়ি নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক শাহেদ বিশ্বাসসহ (৪৪) তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল (শনিবার, ২২ আগস্ট) রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন (৫৫) ওই গ্রামের মোতালেবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে শাহেদ বিশ্বাসের কাছে মেয়েকে বিয়ে দেন সাহেরা খাতুন। এরপর থেকেই ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন শাহেদ বিশ্বাস। তবে প্রথম স্ত্রীর মৃত্যু হলে দ্বিতীয় বিয়ে করেন শাহেদ। এর পর থেকেই জমি নিয়ে শ্বাশুড়ির সঙ্গে বিরোধ শুরু হয়। বিরোধের জেরে শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে শ্বাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান শ্বাশুড়ি।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা শাহেদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে শাহেদসহ তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা আক্তার (২৭) ও মা শাহেরা খাতুনকে (৫৫) আটক করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘাতক তার শ্বাশুড়ির বাড়ির জায়গা মা এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভোগদখল করতে চেয়েছিলো। এ নিয়ে বিরোধ ছিলো শ্বাশুড়ির সঙ্গে। এ হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এসএইচ