আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভারতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া। পরে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি পূর্ব পাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল পেশায় একজন রাজমিস্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে পারিবারিক কোনো বিরোধ ছিলো না বাছেদের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে পিতা-পুত্র একই কক্ষে ঘুমিয়েছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে ছুটে যান।
পরিবারের সদস্যদের অভিযোগ, তারা ভোরে ওই কক্ষে গিয়ে দেখতে পান, শাকিল তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে। এসময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। হত্যার কারণ জানার ও জড়িতকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’





