লালবাগ থানার পুলিশ জানায়, শহীদনগর তিন নম্বর ফালা মসজিদ গলির একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কক্ষে একাই থাকতেন।
পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই মাসিক চার হাজার টাকা ভাড়ায় ওই কক্ষটি নেন আনোয়ার। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।
পুলিশ আরও জানায়, আনোয়ারের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সে ৩১২ জগন্নাথ সাহা রোডের ঠিকানা পাওয়া গেছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালবাগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান, অতিরিক্ত উপকমিশনার ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের কর্মকর্তারা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, শাহবাগ থানার এলাকায় পৃথক ঘটনায় দুজন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকায় মরদেহ দুটির সন্ধান পাওয়া যায়।
এর মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৪৫ বছর। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পথচারীদের কাছ থেকে খবর পেয়ে শাহবাগ থানার এসআই তৌফিক হাসান ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বর্তমানে অজ্ঞাত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।





