মসলার আড়ালে হংকং থেকে গ্রেপ্তার মাদক আমদানি, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ৩ জন
অপরাধ
0

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। রাজধানীতে অভিযান চালিয়ে ৩০ কেজি শিশা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এসব শিশা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ দুই মাসের গোয়েন্দা নজরদারির পর এই চক্রের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে পাঁচ কেজি শিশার অর্ডার দিয়ে পুরো সরবরাহ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে গত ১১ নভেম্বর রাতে রাজধানীর বংশালের নর্থ সাউথ রোডে আস সুন্নাহ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটি কার্টনে রাখা ৩০ কেজি শিশা উদ্ধার করা হয় তারা।

অভিযুক্তদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদ এবং ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, হংকং থেকে আমদানি করা এসব শিশা বিভিন্ন হাত ঘুরে সরবরাহ করা হতো। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে।

এফএস