নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এসময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের এক পর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। বিরোধের এক পর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন নূর মোহাম্মদকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।





