মধ্যরাতে বৈছাআ নেতার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জ
বৈছাআ নেতা মাহদী হাসান; ব্যাকগ্রাউন্ডে পুড়ে যাওয়া বৈদ্যুতিক মিটারের ছবি
এখন জনপদে
অপরাধ
0

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।

তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাননি বলে জানিয়েছেন পুলিশ। বরং ঘটনাটিকে ‘নাটক’ বলে মন্তব্য করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

বৈছাআ নেতা মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তার ঘরের টিনের চালে পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু নিক্ষেপ করা হয়। পরে বিষয়টি জানিয়ে ফেসবুকে লাইভে আসেন মাহদী।

লাইভে এসে মাহদী তার চাচার বাসার বিদ্যুতের মিটারে পেট্রোল বোমা পড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার চিত্র দেখান। একইসঙ্গে মাটিতেও পেট্রোল বোমার অংশ পড়ে থাকতে দেখানোর চেষ্টা করেন।

আরও পড়ুন:

মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দু’টি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

তবে মাহদীর এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক। রাত ২টার দিকে তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। তার ভাষ্য, এটি মাহদী হাসানের নাটক।

ওসি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।

এসএইচ