ঝিনাইদহে বিএনপির কার্যালয় আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহ
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এখন জনপদে
অপরাধ
0

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ পুরো কার্যালয় আগুনে পুড়ে যায়।

গতকাল (শুক্রবার, ২০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর কিছু সময় তারা সেখানে অবস্থান করে। এরপর চলে যায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বলে অভিযোগ তাদের।

স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতাদের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।’

জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘বারবাজারের হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এসএইচ