ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পুলিশ বলছে হত্যা

টাঙ্গাইল
বাসাইল থানা, টাঙ্গাইল
এখন জনপদে
অপরাধ
0

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ। পুলিশের ভাষ্যে, অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে সেখানে এনে মরদেহ ফেলে গিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাসাইল থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকালকে সন্ধ্যার পর থেকে আজ সকালের মধ্যে যেকোনো সময় অন্য জায়গা থেকে মরদেহটি এখানে ফেলে যেতে পারে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। তবে পায়ের মধ্যে কিছু ফোস্কা রয়েছে। আমাদের ধারণা অন্য কোনো জায়গা থেকে দুষ্কৃতিকারীরা হত্যা করে এখানে ফেলে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহের এখন পর্যন্ত কোনো ঠিকানা পাওয়া যায়নি। নারীর আনুমানিক বয়স ২৩ হবে। যদি মরদেহের কোনো মালিক না পাওয়া যায়, তাহলে আমরা পুলিশ বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করবো।’

এসএইচ