দুর্নীতির মামলায় ৮৮তম বার আদালতে নেতানিয়াহু

বেনইয়ামিন নেতানিয়াহু
অর্থনীতি
0

দুর্নীতির মামলায় হাজিরা দিতে তেল আবিবের জেলা আদালতে হাজির হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এটি এই মামলায় তার ৮৮তম হাজিরা। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বরাত দিয়ে আল জাজিরার জানিয়েছে, নেতানিয়াহুর ‘নিরাপত্তা ও রাজনৈতিক ব্যস্ততার’ কথা বিবেচনায় নিয়ে বিচারক তার শুনানির সময় সংক্ষিপ্ত করার আবেদন মঞ্জুর করেছেন।

২০১৯ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় দুর্নীতি, ঘুষ গ্রহণ ও বিশ্বাসভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। ২০২০ সাল থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

শুরু থেকেই তিনি এই অভিযোগগুলোকে তাকে ক্ষমতা থেকে সরানোর ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন। ইসরাইলি আইন অনুযায়ী, কোনো আসামি দোষ স্বীকার না করলে প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারেন না।

নিজ দেশে চলমান এই দুর্নীতির মামলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও চাপে রয়েছেন নেতানিয়াহু। ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক পরোয়ানা জারি করে রেখেছে।

গাজায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাকে আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

এএম