এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ

চট্টগ্রাম বন্দর
আমদানি-রপ্তানি
অর্থনীতি
1

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে আজ। ১৫ বছরের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেল তিনটায় ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটরিয়ামে হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির অনুমোদন দেয়। দুবাইভিত্তিক এই বৈশ্বিক বন্দর ও লজিস্টিকস প্রতিষ্ঠানকে নিয়ে এনসিটি পরিচালনার আলোচনা শুরু হয় ২০১৯ সালে। পরে সৌদি আরব, দুবাই ও দেশীয় একটি প্রতিষ্ঠানও পরিচালনার প্রস্তাব দেয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এই টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে রেয়াতি চুক্তির খসড়া গত ১ অক্টোবর নীতিগতভাবে অনুমোদন করা হয়।

এদিকে, চুক্তি স্বাক্ষরের উদ্যোগকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। কমিটির নেতাদের দাবি, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ নিয়ে একতরফাভাবে চুক্তি করা হলে তা ইতিহাসে ‘কালো চুক্তি’ হিসেবে চিহ্নিত হবে।

জেআর