বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে পড়লে হাসপাতাল, পানি সরবরাহ, যোগাযোগ ও জরুরি সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো বিপর্যস্ত হতে পারে। তাই বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি তৈরি করছেন বিজ্ঞানী ড. তানজীম জিম হাসান।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ডাকোটা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার ও সাইবার বিজ্ঞান অনুষদে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা গবেষণা কেন্দ্রে গবেষণা প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।
আধুনিক বিদ্যুৎব্যবস্থায় সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সংখ্যা বাড়ছে। এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত যন্ত্রগুলো ইন্টারনেট ও দূরনিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হওয়ায় সাইবার হামলার ঝুঁকিও তৈরি হচ্ছে। এ ধরনের হামলায় বিদ্যুৎব্যবস্থাকে বিভ্রান্ত করতে ভুয়া তথ্য পাঠানো হয়।
এই ঝুঁকি মোকাবিলায় তানজীম এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, যা বিদ্যুৎব্যবস্থার অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করতে পারে। তাঁর সাম্প্রতিক উদ্ভাবনের বিশেষত্ব হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু বিপদের সংকেত দেয় না, পরিস্থিতি বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট যন্ত্রকে বিদ্যুৎব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের আর্গন জাতীয় গবেষণাগারের বাস্তব তথ্য ব্যবহার করে পরিচালিত পরীক্ষায় প্রযুক্তিটি ৯৪ শতাংশের বেশি হামলা শনাক্ত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ভুল করে সচল ও নিরাপদ যন্ত্র বন্ধ করে দেওয়ার হার প্রায় ১০ গুণ কমিয়েছে। প্রযুক্তিটি ব্যবহার করলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য কেন্দ্রীয় ব্যবস্থায় পাঠানোরও প্রয়োজন হয় না। এতে তথ্যের গোপনীয়তা বজায় থাকে এবং প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় ৪০ শতাংশ কম কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হয়।
শুধু সাইবার হামলা নয়, বিদ্যুৎকেন্দ্রের শারীরিক নিরাপত্তা নিয়েও গবেষণা করেছেন তানজীম। নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ১৩ লাখ ডলারের একটি গবেষণা প্রকল্পে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেন। ওই প্রকল্পে শব্দ শনাক্তকারী যন্ত্র, রাডার ও ক্যামেরার সমন্বয়ে বিদ্যুৎ উপকেন্দ্রে গুলির শব্দ শনাক্ত এবং হামলার উৎস নির্ণয়ের প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয়।
তানজীম ২০১৯ সালে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে উড়োজাহাজ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। উভয় ডিগ্রিতেই তাঁর অর্জিত ফলাফল ছিল ৪.০০ জিপিএ।
এ পর্যন্ত তাঁর ১০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক দুটি গবেষণা সাময়িকীতে গবেষণাপত্র পর্যালোচনার দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন তাঁকে গবেষণা অনুদান মূল্যায়নের বিশেষজ্ঞ প্যানেলে দায়িত্ব পালনের জন্য নির্বাচন করে।
বর্তমানে শিক্ষকতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এই বাংলাদেশি বিজ্ঞানী। তাঁর গবেষণার লক্ষ্য বিদ্যুৎব্যবস্থায় সম্ভাব্য বিপদ দ্রুত শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তৈরি করা।





