আজ (বুধবার, ১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান ও ইলিয়াস মোল্লার পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৮ হাজার ৯৯৪টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষকের পদ ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের পদ ৩৮ হাজার ৭৪৭টি। মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদ শূন্য রয়েছে ৮৮ হাজার ৩৮১টি। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮৫ হাজার ৩৩৩টি পদ শূন্য।
মন্ত্রী জানান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ২৬ হাজার ৬৮১টি। এর মধ্যে ১১ হাজার ৯৮৪টি পদে শিক্ষক কর্মরত আছেন এবং ১৪ হাজার ৬৯৭টি পদ শূন্য রয়েছে। মাদ্রাসা শিক্ষায় অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ২ লাখ ৫০ হাজার ৩০৮টি। এর বিপরীতে বর্তমানে ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন শিক্ষক কর্মরত আছেন। ফলে শূন্য রয়েছে ১ লাখ ১ হাজার ৮৭৩টি পদ।
আরও পড়ুন:
সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার মাধ্যমিক পর্যায়ের শূন্য শিক্ষক পদের তালিকা তৈরি করেছে এবং সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগের প্রস্তাব পাঠানোর জন্য এ-সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
তিনি বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদ পূরণে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শিক্ষকসংকট নিরসনে সরকার ইতোমধ্যে ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে। ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও শেষ হয়েছে।
চলমান নিয়োগপ্রক্রিয়া শেষ হলে শিক্ষকসংকট কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মিলন।





