সংঘর্ষের ঘটনায় আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকাল থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করছে প্রশাসন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন। একইসঙ্গে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বানও জানানো হয়।
এ ঘটনার জেরে আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঝটিকা মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন। যেকোনো অপ্রীতকর ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ।
এর আগে, গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) বিকেলে শহিদ জিয়াউর রহমান হলের করিডোরে ছাত্রদল কর্মী আলিনুর রহমানের সঙ্গে ছাত্রশিবিরের হল সেক্রেটারি কাজী জুহায়রের বিবাদের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।





