‘বাবল মাল্টি-টাস্কিং’ ও ফোল্ডেবল গেমিং মোডসহ অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন

অ্যান্ড্রয়েড ১৭
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আনুষ্ঠানিকভাবে নিজেদের হালনাগাদ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে গুগল। আজ থেকে কোম্পানিটির পিক্সেল ডিভাইসে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা যাবে। বছরের বাকি সময়ে পর্যায়ক্রমে এ আপডেট অন্যান্য ডিভাইসে পৌঁছে যাবে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে চলতি গ্রীষ্মেই নির্দিষ্ট কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে যুক্ত হচ্ছে গুগলের নতুন কনটেক্সট-অ্যাওয়ার এআই সিস্টেম ‘জেমিনি ইন্টেলিজেন্স’, যা ব্যবহারকারীর হয়ে একাধিক ধাপের জটিল কাজ নিজে থেকেই সম্পন্ন করতে পারবে।

নতুন অ্যান্ড্রয়েড ১৭-এ বেশ কিছু আকর্ষণীয় ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘বাবলস’। এ ফিচারের মাধ্যমে যেকোনো অ্যাপকে স্ক্রিনের ওপর একটি ভাসমান উইন্ডোতে রূপান্তর করা যাবে। ফলে ব্যবহারকারীরা মূল স্ক্রিনের পাশাপাশি একসঙ্গে আরও দুটি অ্যাপের তথ্য দেখতে পারবেন।

যেকোনো অ্যাপ আইকনে দীর্ঘক্ষণ চেপে ধরে সেটিকে ‘বাবল’ বানিয়ে ফেলা যাবে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড বা গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ডের মতো বড় স্ক্রিনের ডিভাইসের জন্য নিচে একটি ডেডিকেটেড ‘বাবল বার’ থাকবে। সেখান থেকে এক ট্যাপেই বিভিন্ন অ্যাপে সুইচ করা, কিংবা বাবলগুলোকে ফুল স্ক্রিন বা রিসাইজ করা যাবে।

এছাড়াও ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গুগল তাদের স্ক্রিন রেকর্ডিং টুলটি আপডেট করেছে। এতে যুক্ত হয়েছে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’। এর মাধ্যমে ফোনের স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি সেলফি ক্যামেরায় নিজের প্রতিক্রিয়াও ধারণ করা যাবে। টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য ঝটপট রিঅ্যাকশন ভিডিও তৈরিতে এ ফিচারটি দারুণ কাজে আসবে।

ফোল্ডেবল ফোনের ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৭ নিয়ে এসেছে বিশেষ ‘ফোল্ডেবল গেমিং মোড’। এ মোডে স্ক্রিনের কোনো অংশই অপচয় হবে না। নতুন এ অপটিমাইজড লেআউটে স্ক্রিনের উপরের অর্ধেকের গেমিং ভিউ এবং নিচের অর্ধেকের ভার্চুয়াল গেমপ্যাড দেখা যাবে।

আর কেউ যদি এক্সটার্নাল কন্ট্রোলার ব্যবহার করতে চান, তবে তার জন্য রয়েছে নেটিভ কন্ট্রোলার রিম্যাপিংয়ের সুবিধা। এছাড়া এইচডি গেম খেলার সময় ফ্রেম ড্রপ ও ল্যাগ কমাতে মেমোরি ক্লিনআপ ব্যবস্থাকে আরও উন্নত করা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। এখন থেকে কোনো অ্যাপকে সার্বক্ষণিক লোকেশন ট্র্যাক বা পুরো কন্টাক্ট লিস্টের অ্যাক্সেস দেয়ার বদলে সাময়িকভাবে নির্দিষ্ট লোকেশন বা কন্টাক্ট শেয়ার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ (যা এখন ‘ফাইন্ড হাব’ নামে পরিচিত) টুলে যুক্ত হয়েছে উন্নত ‘মার্ক অ্যাজ লস্ট’ ফিচার। ফোন চুরি বা হারিয়ে গেলে মালিক দূর থেকেই বায়োমেট্রিক (যেমন আঙুলের ছাপ বা ফেস আইডি) দিয়ে ফোন লক করে দিতে পারবেন। ফলে চোর ফোনের পাসকোড জানলেও তা আনলক করতে পারবে না।

পাশাপাশি সন্দেহজনক অ্যাপ ব্লক করার জন্য ‘লাইভ থ্রেট ডিটেকশন’ আরও শক্তিশালী করা হয়েছে এবং ভুল পিন দেয়ার ক্ষেত্রে অপেক্ষার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৭-এর পাশাপাশি আজ পিক্সেল ফোনের জন্য বেশ কিছু এক্সক্লুসিভ টুল উন্মুক্ত করেছে গুগল। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালিতে পিক্সেল ১০ প্রো, ১০ প্রো এক্সএল, ১০ প্রো ফোল্ড এবং পিক্সেল ১০এ মডেলগুলোতে চালু হচ্ছে ‘কনভারসেশনাল এডিটিং’। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু মুখের কথায় গুগল ফটোজের সাধারণ থেকে জটিল সব এডিটিং করে নিতে পারবেন।

এছাড়া পিক্সেল ১০এ ফোনে যুক্ত হচ্ছে ‘ভয়েস ট্রান্সলেট’ সুবিধা, যা অপর প্রান্তের কলারের কণ্ঠস্বর হুবহু বজায় রেখে তাৎক্ষণিক অনুবাদ করে দেবে।

এদিকে পিক্সেল ৯এ এবং পিক্সেল ৮এ ব্যবহারকারীরা এখন থেকে অ্যান্ড্রয়েড ‘কুইক শেয়ার’ ব্যবহার করে আইফোনের সাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন (এয়ারড্রপ কম্প্যাটিবল), যা আগে কেবল পিক্সেল ১০ সিরিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এএইচ