ইরান সহযোগিতা না করলেও খুব দ্রুতই হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরান সহযোগিতা করুক বা না করুক, খুব দ্রুতই হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরানের আলোচনা শুরুর আগে এই হুমকি দিলেন তিনি। এমনকি ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা।

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর রণক্ষেত্র থেকে আলোচনার জন্য পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হরমুজ প্রণালির ভবিষ্যত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তার অপেক্ষায় প্রহর গুণছে তাবৎ দুনিয়ার মানুষ। কারণ যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় প্রণালিটি দিয়ে আগের মতো করে জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। ফলে জ্বালানি বাজারের অস্থিরতায় ধুঁকছে বিশ্ব।

যুদ্ধের আগে যেখান দিয়ে প্রায় দেড়শ জাহাজ চলাচল করতো; শুক্রবার সেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র ৩টি তেলবাহী ট্যাঙ্কার। যদিও ইরান দিনে ১৫টির বেশি তেলবাহী জাহাজকে অতিক্রম করতে দেবে না বলে জানা গেছে। এ অবস্থায় ইসলামাবাদে বৈঠকে বসার ঠিক আগে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান সহযোগিতা করুক বা না করুক খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওটা আপনাআপনি খুলে যাবে। ভুলে যাবেন না, আমরা প্রণালিটি ব্যবহার করি না, অন্য দেশগুলো ব্যবহার করে। তবে আমি বলবো যে, আমরা খুব শিগগিরই ওটা খুলে দেবো।’

আরও পড়ুন:

শুধু হরমুজ প্রণালি নয়, আলোচনায় ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তেহরানের সঙ্গে ভালো চুক্তির জন্য ওয়াশিংটনের ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা।

ট্রাম্প বলেন, ‘প্রধান বিষয় হলো ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। শাসনব্যবস্থা পরিবর্তনের যে বিষয়টি ছিলো, তা এরই মধ্যে পূরণ হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু আমরা এটিকে কখনও শর্ত হিসেবে রাখিনি। শর্তের ৯৯ শতাংশেই রয়েছে যে, ইরানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঐতিহাসিক আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতি শুভকামনা জানিয়েছিন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কতদিন চলতে পারে তা নিশ্চিত না করলেও, ওয়াশিংটনের বিকল্প পরিকল্পনার দরকার নেই বলে জানান তিনি। কারণ এরই মধ্যে চালানো মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সামরিক বাহিনী নিশ্চিহ্ন বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

এসএইচ