আলোচনার মাঝেই আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মাসুদ পেজেশকিয়ান

তেহরানে বিজ্ঞান মন্ত্রণালয়  আলাপ করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র আবার ইরানের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের ওপর থেকে তেহরানের বিশ্বাস এখন ‘পুরোপুরি নষ্ট’ হয়ে গেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ইরান সব সময় সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে এসেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, ‘দায়িত্বশীল দেশ হিসেবে ইরান সব সময় আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করেছে। কিন্তু আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র ও জায়নবাদী রাষ্ট্র (ইসরাইল) দুই দুইবার ইরানের ওপর হামলা চালিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার সংকট তৈরি করেছে।’

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে পারমাণবিক আলোচনার মাঝেই একবার ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর গত ফেব্রুয়ারিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় আবারও তেহরানের ওপর বড় ধরনের হামলা চালানো হয়। সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ফোনালাপে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো পারস্য উপসাগরের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধগুলো শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও সম্প্রতি ইরানের একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তেহরান প্রস্তাব দিয়েছিল, পারমাণবিক ইস্যু নিয়ে পরে আলোচনা করা হবে, তবে আপাতত নৌ-অবরোধ তুলে নিলে তারা হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু ট্রাম্প শুরুতেই পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে অনড় থাকায় এই অচলাবস্থা কাটছে না।

এএম