কারাগারে নার্গিস মোহাম্মদীর হার্ট অ্যাটাক হয়েছে বলে গত বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছিল নরওয়েজিয়ান নোবেল কমিটি। এরপর শুক্রবার তার অবস্থার আরও অবনতি হলে তাঁকে দ্রুত জানজান শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে নেওয়ার আগে নার্গিস দুবার জ্ঞান হারান এবং তাঁর তীব্র হৃদরোগজনিত সমস্যা (কার্ডিয়াক ক্রাইসিস) দেখা দেয়। কারাগারের চিকিৎসকেরা তার অবস্থা সামাল দিতে ব্যর্থ হওয়ার পরই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়।
শনিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নার্গিস মোহাম্মদী এখনো অক্সিজেন সহায়তায় আছেন এবং তার অবস্থা স্থিতিশীল নয়। উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে তেহরানের কোনো হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে তার পরিবার।
নারী অধিকার রক্ষা এবং ইরানে মৃত্যুদণ্ড বিলোপের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন ৫০ বছর বয়সী এই সমাজকর্মী। গত ফেব্রুয়ারিতে, অর্থাৎ ইরান যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে তাকে নতুন করে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে একজন আইনজীবীর মৃত্যুকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গত ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
নার্গিস মোহাম্মদীর পরিবার জানিয়েছে, এর আগে তার হার্টে তিনবার এনজিওপ্লাস্টি করা হয়েছে। বর্তমানে উচ্চ রক্তচাপ ও তীব্র বমিভাবের কারণে তার জীবন এখন ‘সরাসরি এবং তাৎক্ষণিক’ হুমকির মুখে। তার পরিবার অবিলম্বে নার্গিসের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।





