প্যারিসভিত্তিক সংস্থাটি জানিয়েছে, তেলের বাজার এখন আবার স্থিতিশীল হওয়ার প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে দীর্ঘ সময় অস্থিরতা ছিল। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
সংঘাতের কারণে চলতি বছর জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার ছিল; যা এপ্রিলের শেষে ১২৬ ডলারে পৌঁছায়। তবে চলতি সপ্তাহে তা কমে আগস্টের পর সর্বনিম্ন ৮৯ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করার পর এই দরপতন হয়। গতকাল শুক্রবার ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল প্রায় ৯৫ ডলারে লেনদেন হয়েছে।
তেলের ট্যাংকারে হামলার শঙ্কা এখনো কাটেনি। এর মধ্যে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলার ছক কষতে পারে। তবে আইইএ পূর্বাভাস দিয়েছে, চলতি বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের সরবরাহ গড়ে প্রতিদিন ১০ কোটি ৫০ লাখ ব্যারেলে দাঁড়াবে, যা চাহিদার চেয়ে ১৭ লাখ ব্যারেল বেশি। আগে এ সময়ে ঘাটতির আশঙ্কা করেছিল সংস্থাটি। সরবরাহ বাড়ায় জরুরি মজুতের ওপর চাপ কমেছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাজারে আরও ৭ কোটি ১০ লাখ ব্যারেল তেল ছাড়ার প্রক্রিয়া ত্বরান্বিত করবে আইইএ।
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস জানিয়েছে, অক্টোবরে তারা প্রতিদিন ৪ কোটি ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে, যা যুদ্ধপূর্ববর্তী সময়ের ৯৭ শতাংশ। আইইএ জানিয়েছে, চলতি বছর বৈশ্বিক তেলের চাহিদা প্রতিদিন ২৬ লাখ ৮০ হাজার ব্যারেল কমে ১০ কোটি ৩২ লাখ ব্যারেলে দাঁড়াবে। উচ্চমূল্য ও বিদ্যুৎচালিত গাড়ির প্রসারের কারণে আগামী বছর তেলের চাহিদা কিছুটা বাড়লেও তা ২০২৫ সালের তুলনায় নিচেই থাকবে।
—দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অবলম্বনে




