ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে মোসাদপ্রধান, ট্রাম্পকে রাজি করাতে তৎপর নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ও  গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফমান
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফের সঙ্গে ইরান ইস্যু নিয়ে বৈঠক করতে শুক্রবার ওয়াশিংটন সফর করেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফমান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য পরে মিয়ামিতে যাওয়ার কথা রয়েছে গোফমানের। তবে মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অ্যাক্সিওস।

চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নিরাপত্তা ব্রিফিংয়ে গোফমানের এই সফরের কথা প্রকাশ করা হয়নি।

ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। এমন সময়ের মধ্যেই মোসাদ প্রধান যুক্তরাষ্ট্র সফর করলেন।

ট্রাম্প অবশ্য প্রকাশ্যে বলেছেন, এমন হামলার সম্ভাবনা কম। কারণ তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়ে তেহরানকে চাপে রাখার কৌশলই বেশি পছন্দ করেন। তবে তিনি এ-ও বলেছেন, প্রয়োজন মনে করলে তিনি আবারও সামরিক শক্তি প্রয়োগ করতে পারেন।

শুক্রবার আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের জ্যেষ্ঠ নেতারা চ্যানেল ১৩-কে জানান, ব্রিফিংয়ে নেতানিয়াহু আইজেনকোটকে এটা বোঝাতে ব্যর্থ হয়েছেন যে ইরানে ‘অবিলম্বে হামলা’ চালানো জরুরি। ব্রিফিংয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইজেনকোট লেখেন, ইসরাইলের নিরাপত্তাকে পুঁজি করে ‘রাজনৈতিক ফায়দা লোটার’ যেকোনো চেষ্টা ঠেকাতে নেতানিয়াহু সরকারের ওপর ‘কঠোর নজরদারি’ প্রয়োজন।

ইসরাইলের নিরাপত্তাপ্রধানদের মধ্যে একমাত্র আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এজাল জামির ইরানে অবিলম্বে ইসরাইলি হামলার বিরোধিতা করে আসছেন বলে চ্যানেল ১২-এর এক অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে। এতে আরও বলা হয়, নেতানিয়াহু, গোফমান ও শিন বেত প্রধান ডেভিড জিনি হামলার পক্ষে ছিলেন। জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ার শমুয়েল বেন এজরা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটারও হামলার পক্ষে।

চ্যানেল ১২-এর মতে, জামির ইরানকে একটি বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করলেও এটিকে এতটাই জরুরি মনে করেন না যে এর জন্য গত মাসের নেসেট নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া ব্যাহত করে হামলা চালাতে হবে।

কান সম্প্রচারমাধ্যমকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সেনাবাহিনী ইরানে অভিযানের জন্য প্রস্তুত থাকলেও ‘সেনাবাহিনীর কাজ হলো যুদ্ধের প্রস্তুতি নেয়া। পর্দার আড়ালে যা ঘটে, তা সবসময় নেয়া সিদ্ধান্তগুলোকে নির্দেশ করে না।’

জামির, জিনি, গোফমান ও লেইটার—সবাই নেতানিয়াহুর নিয়োগ দেয়া ব্যক্তি। মোসাদ ও শিন বেত প্রধানের নিয়োগ সমালোচকদের তোপের মুখে পড়েছে। তাদের অভিযোগ, অসৎ উদ্দেশ্যে নিজের অনুগতদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন নেতানিয়াহু।

এদিকে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বাহরাইনভিত্তিক পঞ্চম নৌবহর চলতি সপ্তাহে ইসরাইল সফর শেষ করেছে বলে শুক্রবার আইডিএফ জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর তথ্যমতে, পঞ্চম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ট রেনশ সফরের সময় ইসরাইলি নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এয়াল হারেল ও অন্য শীর্ষ নৌ-কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, বিভিন্ন অঞ্চলে অভিযান চলাকালে নৌবাহিনীর কার্যক্রম, আঞ্চলিক স্থিতিশীলতা ও সামুদ্রিক পথের নিরাপত্তা বজায় রাখতে অংশীদারত্ব জোরদার, নৌবহরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের বিষয় নিয়ে কমান্ডাররা আলোচনা করেছেন।

গত এপ্রিলে ইরানে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পর থেকে বাহরাইনভিত্তিক পঞ্চম নৌবহরটি সাম্প্রতিক মাসগুলোতে উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে ছোটখাটো সংঘাতে জড়িয়ে পড়ে।

সফরটি এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার নিশ্চিত করেছে যে ইরান রাতে বাহরাইনে হামলা চালিয়েছে। সেপ্টেম্বরের শুরুর পর কোনো উপসাগরীয় দেশে এটিই প্রথম এ ধরনের হামলা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি প্রারম্ভিক-সতর্কতা রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে এই দাবির বিপরীতে সেন্টকম জানিয়েছে, আইআরজিসি ‘বাহরাইনের দিকে দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ছুড়েছিল।’ কিন্তু যুক্তরাষ্ট্রের সেনারা উভয় ড্রোনই ভূপাতিত করেন এবং এতে ‘কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।’

ইরানের শাসনব্যবস্থা অস্থিতিশীল করা এবং দেশটির ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে যুদ্ধ শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও ওই অঞ্চলজুড়ে মিসাইল ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালি অবরোধ করে, যেখান দিয়ে আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেলের চালান যেত।

এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হয় এবং শান্তি চুক্তির জন্য আরব ও মুসলিমদের মধ্যস্থতা চলমান রয়েছে। তবে প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাঝেমধ্যেই সংঘাত ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।


—টাইম অব ইসরাইলের প্রতিবেদনে অবলম্বনে

এএম