ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলা; দগ্ধ তেল শোধনাগার

রুশ ড্রোন হামলায় লণ্ডভণ্ড একটি বাড়ির সামনে ধ্বংসপ্রাপ্ত একটি গাড়ি
বিদেশে এখন
0

ইউক্রেন ও রাশিয়া শুক্রবার ভোর পর্যন্ত একে অপরের ওপর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ রাশিয়ার তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কারখানাকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের উত্তর অঞ্চলের রেলওয়ে স্টেশন ও বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে তাত্তেনেফতের ‘তানেকো’ তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বার্ষিক ১ কোটি ৬০ লাখ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম স্থাপনা। এ ছাড়া তারা ওই শহরের ‘তাইফ-এনকে’ শোধনাগারেও আঘাত করার দাবি করেছে। দুটি স্থাপনাতেই আগুন লেগেছে বলে টেলিগ্রামে জানানো হয়। নিঝনেকামস্কের মেয়র ড্রোন হামলার আশঙ্কায় শুক্রবারের সব জনসমাবেশ বাতিল করেছেন। ১২ জুন ‘রাশিয়া দিবস’ উপলক্ষে দেশটিতে জাতীয় ছুটির দিন পালিত হয়।

কিয়েভ আরও জানিয়েছে, তারা সামারা অঞ্চলের তোলিয়াত্তি শহরের একটি সিন্থেটিক রাবার উৎপাদন কারখানায় হামলা চালিয়েছে। মিসাইল বা ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি তৈরিতে এই রাবার ব্যবহার করা হয়। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ২৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলের রেলওয়ে অবকাঠামোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এতে এক রেলকর্মী নিহত ও একজন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা ‘উকরজালিজনিৎসিয়া’ জানিয়েছে, হামলা হয়েছে রেলওয়ে স্টেশন, সিগন্যালিং পোস্ট ও বিদ্যুৎ উপকেন্দ্রে। গত বৃহস্পতিবারও সুমি অঞ্চলের কোনোটোপ শহরে একই ধরনের হামলায় এক রেলকর্মী নিহত ও চারজন আহত হয়েছিলেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাশিয়া অন্তত ১১৭টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১০২টি ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে একটি ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন এবং অন্তত ১৪টি ব্যক্তিগত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এএম