পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ইয়ংবিয়নে দোতলা ইউরেনিয়াম কেন্দ্র তৈরি

চলতি বছরের শুরুতে নতুন চালু করা পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে কিম
বিদেশে এখন
0

উত্তর কোরিয়া তাদের প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবিয়নে নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রফায়েল গ্রোসি নতুন এই স্থাপনাকে বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইএইএর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, নতুন দোতলা ভবনটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত ২৮টি সেন্ট্রিফিউজ ক্যাসকেড স্থাপনের সক্ষমতা রয়েছে। ২০০৯ সালে উত্তর কোরিয়া থেকে আইএইএর পরিদর্শকদের বহিষ্কার করার পর থেকে উপগ্রহচিত্র বিশ্লেষণের মাধ্যমে দেশটির পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অব্যাহত বিস্তার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত দুঃখজনক। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে কাংসনে অবস্থিত আরেকটি সমৃদ্ধকরণ কেন্দ্রের সম্প্রসারিত অংশও চলতি বছর চালু করেছে উত্তর কোরিয়া।

গত জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন পরমাণু উপাদান উৎপাদনকারী নতুন কারখানা পরিদর্শন করেন। সে সময় পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আশাতীতভাবে বৃদ্ধি পাওয়ার প্রশংসা করে কিম বলেন, এটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি করবে। ধারণা করা হয়, দরিদ্র অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও উত্তর কোরিয়া প্রতিবছর শত শত মিলিয়ন ডলার পরমাণু অস্ত্র উন্নয়নে ব্যয় করে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এডওয়ার্ড হাওয়েল জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনাগুলোর বড় একটি অংশ গোপন ও অজ্ঞাত হওয়ায় বিশ্বজুড়ে শঙ্কা বেশি। সিউলের মতে, উত্তর কোরিয়া প্রতিবছর ১৫ থেকে ২০টি নতুন পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মেয়ং উত্তর কোরিয়ার সাথে আনুষ্ঠানিক যুদ্ধ সমাপ্তি ও পরমাণু কার্যক্রম স্থগিতের বিষয়ে আলোচনার প্রস্তাব দিলেও পিয়ংইয়ং এখনো তাতে সাড়াশব্দ দেয়নি।

এএম