তেহরানকে সংযত হওয়ার সতর্কবার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বিকল্প শর্ত খোলা রেখে তেহরানকে সংযত হওয়ার সতর্কবার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে, কড়া জবাবের হুমকি দিয়েছে ইরান। এমন অবস্থায় নতুন করে আলোচনায় বসতে দুই পক্ষকে চাপ দিচ্ছে কাতার। এদিকে, ইয়েমেনে হুথি ও সৌদি জোটের মধ্যে তীব্র সংঘর্ষে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও, মারিব শহরে ভয়াবহ হামলায় অন্তত ৮০ জন হুথি সদস্যকে হত্যার দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। আর হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়াবে না বলে জানিয়েছেন ট্রাম্প।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে দাঁড়াতে সংসদে একটি বিল জমা দিয়েছেন ইরানের আইনপ্রণেতারা। তাদের মতে, দেশের বর্তমান পরিস্থিতি ও শত্রুপক্ষের আগ্রাসনের পর এই চুক্তিতে থাকার কোনো মানে হয় না। এ বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত ওয়াল্টজ জানান, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এটি নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ।

এরমধ্যেই ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এসেছে বলে জানিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, গোটা ইরানকে নিশ্চিহ্ন করা, অর্থনৈতিকভাবে ধসিয়ে দেয়া অথবা একটি চুক্তির জন্য আলোচনায় বসা- সব বিকল্পই ইরানের সামনে খোলা রয়েছে। তেহরান তার আচরণ সংযত না করলে, বড় ধরনের হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের সামরিক বাহিনী তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলেছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর ওয়াশিংটন তা বাস্তবায়নের চেষ্টা করলে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। সম্ভাব্য হুমকি ঠেকাতে ইরানের চারপাশের সীমান্তে বিপুল সেনা মোতায়েন রেখেছে দেশটি।

এমন অবস্থায় দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরুর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার। ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মতপার্থক্য দূর করে আলোচনার জন্য দুই দেশই আগ্রহী বলে জানিয়েছে কাতার। আর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি প্রণালি স্বাভাবিক হবে না। গেল একদিনে মাত্র ১২টি পণ্যবাহী জাহাজ হরমুজ অতিক্রম করেছে।

এদিকে, যুদ্ধে কূটনৈতিক সমাধানের আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি হয়েছে ১০১ দশমিক ৭১ ডলার।

অন্যদিকে, ইয়েমেনে হুথি ও সৌদ সমর্থিত জোটের মধ্যে তীব্র লড়াই চলছে। কৌশলগত বাব আল মানদেব প্রণালির আশপাশের তাইজ ও লাজহে বেড়েছে সংঘর্ষের মাত্রা। দেশটির আল-জাওফ প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।

এদিকে, ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব শহরে তীব্র সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় পালিয়ে অনেকে। শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে ধ্বংস করা হয় হুথিদের অন্তত নয়টি সামরিক যান।

সৌদি আরব হুথি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের দাবি, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়াবে না বলে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র যেন তাদের ওপর হামলা না চালায়, সে বিষয়েও তারা অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইএ