কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

পেট্রোল পাম্পের ঘটনাস্থলে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা
বিদেশে এখন
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে দুটি পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আগামীকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ভোরে এ হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় জেটচালিত ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার পর কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ ও আশপাশের এলাকায় দ্রুতগতির ও বেশি উচ্চতায় উড়তে সক্ষম জেটচালিত ড্রোন দিয়ে প্রায় নিয়মিত হামলা চালাচ্ছে। এসব ড্রোন প্রতিহত করা তুলনামূলক কঠিন বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের তেল কোম্পানি উক্রনাফতা জানিয়েছে, কিয়েভে তাদের একটি পেট্রল পাম্পেও হামলা হয়েছে। গত কয়েক সপ্তাহে এটি তাদের ষষ্ঠ পেট্রোল পাম্প, যেখানে রাশিয়ার হামলা হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধে দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের অবকাঠামোয় হামলা বন্ধ করলে মস্কোর সঙ্গে জ্বালানি খাতে যুদ্ধবিরতির যেকোনো ধরনের উদ্যোগে তিনি প্রস্তুত।

এদিকে ইউক্রেনের রেলওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওলেক্সান্দর পেরৎসভস্কি জানিয়েছেন, কিয়েভে রেল অবকাঠামোও হামলার শিকার হয়েছে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মী আহত হয়েছেন।

এএম