ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘে ‘সত্য তুলে ধরবেন’ নেতানিয়াহু

নিউ ইয়র্কের মেয়রের সমালোচনার জবাব

বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেয়ার মাধ্যমে ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি ইসরাইলের সামরিক অভিযানের ‘সত্য তুলে ধরবেন’।

গতকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তাকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দেয়া নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির করা অভিযোগের জবাব দেবেন তিনি। এর আগে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের ওপর ‘ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ বলে উল্লেখ করেছিলেন।

ভিডিও বার্তায় নিউ ইয়র্কের মেয়রের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমি জাতিসংঘে আসছি। আমাদের বীর সেনাদের সত্য বার্তা এবং আপনার আসল সত্য বিশ্বের সামনে তুলে ধরবো।’ মামদানিকে সরাসরি আক্রমণ করে তিনি আরও বলেন, ‘শেম অন ইউ, মিস্টার মামদানি। হামাস সন্ত্রাসী দানবদের সমর্থন করার জন্য এবং নিউ ইয়র্কের ইহুদিদের বিরুদ্ধে দাঙ্গা উসকে দেয়ার জন্য আপনার লজ্জা হওয়া উচিত।’

আগামী বৃহস্পতিবার জাতিসংঘে ভাষণ দেয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। ইসরাইলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন। এর জবাবে ইসরাইলের পাল্টা বিমান ও স্থল হামলায় গাজায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। তবে ইসরাইল বরাবরের মতোই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করছে, তারা বেসামরিক নাগরিকদের আড়ালে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

এএম