পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রমের দাবি আফগানিস্তানের; সংঘর্ষে ২৮ যোদ্ধা নিহত

পাকিস্তানের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন তালেবান সদস্য
বিদেশে এখন
0

পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে। তবে কাবুলের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

রোববার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, নুরিস্তানের কামদেশ জেলায় অনুপ্রবেশ করা ওই সশস্ত্র গোষ্ঠীতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি এবং আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অভিযানে ২৮ জন নিহত হওয়া ছাড়াও আরও ৩২ জন আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষের অভিযোগ, এই গোষ্ঠীটিকে পাকিস্তানের মিলিশিয়া ও গোয়েন্দা সংস্থা প্রশিক্ষণসহ অন্যান্য সহযোগিতা দিয়েছে।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে দেয়া এক বার্তায় আফগানিস্তানের এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। পাকিস্তান জানিয়েছে, তাদের কোনো নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থা এই সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন, প্রশিক্ষণ বা সহায়তা দেয়নি। আফগানিস্তান কোনো প্রমাণ ছাড়াই এমন সাজানো অভিযোগ তুলছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

এর আগে ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান, যেখানে ২৮ জন জঙ্গি নিহত হওয়ার কথা বলেছিল ইসলামাবাদ। তবে জাতিসংঘ মিশন জানিয়েছিল, ওই হামলায় বেসামরিক নাগরিক নিহত হন। সেই ঘটনার সপ্তাহ না ঘুরতেই দুই দেশের সীমান্তে নতুন করে এ পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটলো।

এএম