চীনের সামরিক হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা জোরদার, প্রথম দফায় এফ-১৬ভি পেলো তাইওয়ান

লকহিড মার্টিনের এফ-১৬ভি যুদ্ধবিমান
বিদেশে এখন
0

চীনের সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলার প্রস্তুতি হিসেবে দীর্ঘ অপেক্ষার পর প্রথম দফায় দুটি মার্কিন তৈরি এফ-১৬ভি উন্নত যুদ্ধবিমান পেয়েছে তাইওয়ান। স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রটির আকাশপথের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্র থেকে কেনা নতুন এই যুদ্ধবিমান দুটি শুক্রবার দক্ষিণ-পূর্ব উপকূলের তাইতুং বিমানঘাঁটিতে অবতরণ করে। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে অনুমোদিত ৮০০ কোটি মার্কিন ডলারের চুক্তির অংশ হিসেবে তাইওয়ানকে মোট ৬৬টি এফ-১৬ভি যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। মার্কিন অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকিড মার্টিনের তৈরি চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানগুলো আগের পুরোনো সংস্করণগুলোর চেয়ে অনেক বেশি আধুনিক। এটি উন্নত যুদ্ধকৌশল, রাডার ট্র্যাকিং ও উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনে সজ্জিত।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে সেখানে সামরিক বলপ্রয়োগের হুমকি দিয়ে আসছে চীন। এমন পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ধীরগতির কারণে তাইওয়ানে যুদ্ধবিমানগুলো পৌঁছাতে নির্দিষ্ট সূচির চেয়ে কিছুটা দেরি হয়।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হওয়া আরও কিছু এফ-১৬ভি যুদ্ধবিমান চলতি বছরের শেষ নাগাদ ধাপে ধাপে এসে পৌঁছাবে। তবে ট্রাম্প চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনার হাতিয়ার হিসেবে তাইওয়ানের ১৪ বিলিয়ন ডলারের আরেকটি বড় অস্ত্র চুক্তি সাময়িকভাবে স্থগিত রেখেছেন, যা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে অনুমোদনের সম্ভাবনা কম।

এএম