গতকাল (শুক্রবার, ২ অক্টোবর ) এক্সে দেয়া এক পোস্টে শিভন জিলিস লেখেন, ‘কোনো সতর্কতা ছাড়াই মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভালোবাসা থেকে এভাবে বিচ্ছেদে রূপ নেয়া মেনে নেয়া কঠিন, তবে কখনো কখনো জীবন এমনই হয়।’ সম্পর্ক ভেঙে গেলেও মাস্কের প্রতি নিজের শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আমি কষ্ট পেয়েছি, তবে তার প্রতি আমার গভীর অনুভূতি রয়েছে এবং আমি সব সময় তার সুখ কামনা করব।’
তাদের সংসারে চারটি সন্তান রয়েছে ২০২১ সালে জন্ম নেয়া যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুর, ২০২৪ সালে জন্ম নেয়া কন্যাসন্তান আর্কাডিয়া এবং ২০২৫ সালের শুরুতে জন্ম নেয়া সর্বকনিষ্ঠ পুত্র সেলডন। জিলিস জানান, প্রযুক্তি ও রাজনৈতিক জীবনের নানামুখী চাপ এবং সংঘাতময় বাস্তবতার মাঝে মাস্কের জন্য তাদের পরিবারটি ছিল ভালোবাসায় ঘেরা এক নিরাপদ ও শান্তির আশ্রয়।
পোস্টের সঙ্গে মাস্কের সঙ্গে হওয়া সর্বশেষ কিছু খুদে বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন জিলিস। গত ২৪ সেপ্টেম্বরের একটি বার্তায় মাস্ককে সকালের নাশতার জন্য ধন্যবাদ জানান তিনি। ফিরতি বার্তায় মাস্কও ভালোবাসার কথা প্রকাশ করেন এবং সম্প্রতি হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে জিলিসকে আমন্ত্রণ জানাতে না পারার কারণ উল্লেখ করেন।
সেই বার্তা বিনিময়ের কয়েক দিন পর গত ২৭ সেপ্টেম্বর এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে জিলিস লেখেন, ‘নতুন দিন, নতুন জীবন।’ বিচ্ছেদের বিষয়ে জানতে ইলন মাস্কের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





