প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি; আটক সহস্রাধিক

অশোকা রোড মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বিদেশে এখন
0

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিরোধী দল ও বিভিন্ন ছাত্রসংগঠনের বিক্ষোভ কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। গত শুক্রবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষার্থীসহ প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগে আম আদমি পার্টি (আপ), এআইএসএ, এসএফআই, এনএসইউআই এবং যুব কংগ্রেসসহ বিভিন্ন সংগঠন এই বিক্ষোভের ডাক দেয়। তবে পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি এবং পুরো নয়াদিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে।

যন্তর মন্তর ও এর আশপাশের সড়কগুলোয় ব্যারিকেড দিয়ে যান ও মানুষের চলাচল বন্ধ করে দেয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যন্তর মন্তর এলাকা থেকে প্রায় ৭৫০ জন এবং দিল্লির অন্যান্য অংশ থেকে আরও ৪০০ জনকে আটক করা হয়। এছাড়া সকালে প্রায় ২০০ জনকে গৃহবন্দী করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আপের জ্যেষ্ঠ নেতা অতিশি, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা এবং স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব।

বিক্ষোভের কারণে মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। এছাড়া দিল্লি মেট্রো রেল করপোরেশন রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও মান্ডি হাউসসহ ১২টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ রাখে। রাত আটটার পর স্টেশনগুলো পুনরায় খুলে দেয়া হয়। ব্যারিকেডের কারণে যন্তর মন্তরে পৌঁছাতে না পেরে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ প্রদর্শন করেন।

এআইএসএ সভাপতি নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘দিল্লি পুলিশ আমাদের কতবার আটক করবে? আমরা আবার বিক্ষোভ করতে আসব।’

এদিকে একই ইস্যুতে মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কেও বড় ধরনের সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেখানে দলের প্রধান অভিজিৎ দীপকের নেতৃত্বে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।

এএম