রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান চলাচল ব্যাহত; তীব্র রূপ নিচ্ছে সৌদি-হুথি সংঘাত

হুথি নেতা আবদুল-মালিক আল-হুথির পোস্টারের পাশে এক হুথি নিরাপত্তাকর্মী
বিদেশে এখন
0

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। বৃহস্পতিবার সকালে রিয়াদে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে নগরীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুথিরা জানিয়েছে, তারা রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি আরব সামরিক সহায়তা দেয়ায় দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ফ্লাইটের ওঠানামা বিলম্বিত হয়। সকালে বিকট বিস্ফোরণের পর বাদশাহ আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের নিজ নিজ বাসা থেকে কাজ করার নির্দেশনা দেয়। এ ছাড়া কয়েকটি বিদেশি দূতাবাস ও বিদ্যালয় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ পুনরায় ছড়িয়ে পড়েছে। গত মাসে কৌশলগত বাব-এল-মান্দেব প্রণালিসহ লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয় হুথিরা। চলতি সপ্তাহে সৌদি সমর্থিত সরকারি বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে প্রণালির আশপাশের কিছু এলাকা পুনরুদ্ধার করলেও হুথিরা ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজকে চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছে। সংঘাত নতুন করে শুরুর পর দেশটিতে এ পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সংঘাতের পরিধি দ্রুত আঞ্চলিক রূপ নিচ্ছে। মার্কিন ও সিরীয় প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবকে হামলা থেকে রক্ষা করতে সিরিয়া সেনা মোতায়েন বা আক্রমণাত্মক সামরিক সহায়তা দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সৌদি আরবের পাশে রয়েছে, তবে তাদের মূল নজর দেশের অভ্যন্তরীণ পুনর্গঠনের দিকে।

এদিকে চলতি গ্রীষ্মে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে মক্কা চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব। চুক্তি অনুযায়ী ন্যাটো সদস্য তুরস্ক জানিয়েছে, তারা রিয়াদকে গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্র ব্যবস্থা সরবরাহ করে সহায়তা দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান দক্ষিণ ইয়েমেনের এডেনে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে এবং সৌদি আরবের সীমান্ত প্রতিরক্ষায় নিজেদের সেনা মোতায়েন করেছে।

এএম