ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনার মধ্যেই, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন কিম জং উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির নতুন একটি প্রতিরক্ষা জাদুঘরে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হল। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগের দিন ট্রাম্প জানিয়েছিলেন, আসন্ন এশিয়া সফরকালে তিনি কিম জং উনের সঙ্গে দেখা করতে পারেন। আগামী নভেম্বরের মাঝামাঝি চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশ নেয়ার কথা রয়েছে।

কেসিএনএ জানায়, রোববার স্ত্রী রি সোল জু ও মেয়ে জু অ্যাকে সঙ্গে নিয়ে নতুন চালু হওয়া ডিফেন্স রেভল্যুশন মিউজিয়াম পরিদর্শনে যান কিম। জাদুঘরটিতে ড্রোনের পাশাপাশি কিমের শাসনামলে তৈরি অত্যাধুনিক হোয়াসং-২০ আইসিবিএম প্রদর্শন করা হয়েছে। কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিন জং-উ জানান, প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্রটির একাধিক ওয়ারহেডযুক্ত নকশা এবং একটি বিশ্ব মানচিত্র তুলে ধরা হয়েছে, যার পাল্লা মার্কিন মূল ভূখণ্ড ছাড়াও মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ওয়াশিংটন-পিয়ংইয়ং শীর্ষ বৈঠকের আগে কৌশলগত বাড়তি সুবিধা আদায়ের লক্ষ্যেই সামরিক শক্তির এই জানান দেয়া হচ্ছে।

এদিকে সোমবার একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের দাবি করেছে উত্তর কোরিয়া। কেসিএনএ জানায়, একটি গুরুত্বপূর্ণ উপাদানের প্রযুক্তিগত মানোন্নয়ন নিশ্চিত করতে এই পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে সোমবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত এক মাসের মধ্যে এটি ছিল পিয়ংইয়ংয়ের চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

এএম