আবু ধাবি বৈঠকের আগে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধ বন্ধের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকের আগে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। কিয়েভে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ১০ ও ১১ নভেম্বর আবু ধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতামূলক কার্যপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে মূলত যুদ্ধপরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, সংঘাত হ্রাস, মানবিক সহায়তা এবং শান্তি চুক্তির পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জেলেনস্কি জানান, ওয়াশিংটনের কাছে কিয়েভ তাদের প্রস্তাব জমা দিয়েছে এবং আলোচনা এগিয়ে নিতে তারা প্রস্তুত।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, যেকোনো শান্তি চুক্তির কেন্দ্রবিন্দুতে ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি ও অলঙ্ঘনীয় নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে। বিশেষ করে ‘ড্রোন ডিল’ কাঠামোর আওতায় মার্কিন সহযোগিতার ওপর জোর দেন তিনি। এর পাশাপাশি রাশিয়ার বিমান হামলা থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় মার্কিন তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহের আহ্বান জানান।

আবু ধাবি বৈঠকের পাশাপাশি কিয়েভের যুদ্ধপরবর্তী পুনর্গঠন ও নিরাপত্তা নিয়ে ব্রাসেলসেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ন্যাটো ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি জার্মানি সফরকালে চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষেই এসব কূটনৈতিক পদক্ষেপে গতি আনেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

এএম