নিউ ইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু

নিউ ইয়র্কে বাড়িতে আগুনে ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন জরুরি উদ্ধারকর্মী
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় চারজন বাসিন্দা ও তিনজন দমকলকর্মী আহত হয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে আটজন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে ব্রুকলিনেরল সানসেট পার্ক এলাকার ৫৮তম স্ট্রিটের একটি দুইতলা বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টা ৪০ মিনিটের কিছু আগে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মকর্তাদের ধারণা, বাড়িটির দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। আগুন লাগার ৩ মিনিট ১৮ সেকেন্ডের মধ্যে তারা সেখানে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। জানালায় লোহার গ্রিলের পেছনে আটকে পড়া দুজনকে উদ্ধার করেন তারা। কর্মকর্তারা জানান, দ্রুত উদ্ধার করা না হলে ওই দুজনেরও প্রাণহানি হতে পারত।

আহতদের মধ্যে একজনের পায়ে আগুনে পোড়া ক্ষত হয়েছে। তাকে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে এক নারীকে নেওয়া হয় মাইমোনিডিস হাসপাতালে। আহত দমকলকর্মী ও অন্য বাসিন্দাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডে বাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বাইরের অংশের বড় একটি অংশ পুড়ে গেছে। আশপাশের কাঠের তৈরি বাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানান দমকল কর্মকর্তারা।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এ ঘটনাকে ভয়াবহ ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই শোক কাটিয়ে উঠতে এলাকাবাসীর দীর্ঘ সময় লাগবে। একই সঙ্গে উদ্ধার অভিযানে দমকলকর্মীদের সাহসিকতার প্রশংসা করেন তিনি।

ঘটনাস্থলে দুটি লিথিয়াম-আয়ন ব্যাটারি পাওয়া গেছে। আগুনের সূত্রপাতের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনো অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

এদিকে আগুনে ঘরবাড়ি হারানো আটজন বাসিন্দার অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে আমেরিকান রেড ক্রস। তাদের হোটেলে থাকার সহায়তা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর নিউ ইয়র্কে লিথিয়াম-আয়ন ব্যাটারির আগুনে এর আগে সাতজনের মৃত্যু হয়েছিল। গত সপ্তাহে ব্রঙ্কসে একটি অগ্নিকাণ্ডে এক মা ও তার তিন সন্তানের মৃত্যু হয়।

এএম