ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দুই উইকেট নিয়েছিলেন হাসান। দ্বিতীয় দিনের শুরুতেই ফেরান ভয়ংকর হয়ে ওঠা আমির জাঙ্গুকে। ২১২ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১৩৩ রান করা এই ব্যাটারকে বোল্ড করে দিনের প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশি পেসার।
এরপর রোস্টন চেজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান হাসান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ নিয়ে বদলে দেন জশুয়া বিশপ। ফলে হ্যাটট্রিকের অপেক্ষা বাড়ে। তবে ক্যারিবীয় ব্যাটারদের ওপর চাপ ধরে রাখেন হাসান। তার বলেই ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন বিশপ। যদিও দুই হাত ফসকে জীবন পান তিনি।
আরও পড়ুন:
তবে বেশিক্ষণ টিকতে পারেননি বিশপ। হাসানের করা পরের ওভারের প্রথম বলেই লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ে বিদায় নেন এই ব্যাটার। তাতেই পূর্ণ হয় হাসানের পাঁচ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে গত মাসে পাওয়া ফাইফারের পর আবারও পাঁচ উইকেটের উল্লাসে মাতেন এই পেসার।
টেস্ট ক্যারিয়ারে এটি হাসানের পঞ্চম ফাইফার। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে প্রথম পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের। এছাড়া ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে শেষ ওয়ার্নের পর ৫টি ভিন্ন ভেন্যুতে ক্যারিয়ারের প্রথম ফাইফার পেলেন হাসান।
শুধু তাই নয়, বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখন এককভাবে হাসানের। এতদিন চারটি করে ফাইফার নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন ও হাসান। এবার সবাইকে ছাড়িয়ে একক শীর্ষে বাংলাদেশের এই গতিতারকা।





