ফ্রান্সে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, শিশুসহ নিহত ২

পূর্ব ফ্রান্সের লঁতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও ফরাসি পুলিশ সদস্যরা
বিদেশে এখন
1

ফ্রান্সে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিশু ও এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে সুইজারল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পূর্ব ফ্রান্সের লঁ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি লিয়ঁ থেকে বুর্গ-অঁ-ব্রেস শহরের দিকে যাচ্ছিল।

বুর্গ-অঁ-ব্রেস শহরের কৌঁসুলির দপ্তর জানায়, বাসটিতে ১৫ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে এক মেয়েশিশু এবং ১৮ বছর বয়সী এক তরুণ রয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং বাকি ১৩ জন সামান্য আহত হয়েছেন।

স্থানীয় মেয়র ইভ ক্রিস্টিন ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, বাসটি সড়ক ছেড়ে পাশের খাদে পড়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে। বিএফএম টিভিকে তিনি বলেন, ‘দুর্ঘটনার কয়েক মিনিট পরই আমি ঘটনাস্থলে পৌঁছাই। বাসের এক পাশ দুমড়েমুচড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চিতভাবেই বাসের ওই পাশে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়েছেন।’ তবে দুর্ঘটনার সময় কিছুটা কুয়াশা ও রাস্তা ভেজা থাকলেও বড় ধরনের কোনো প্রতিকূল পরিস্থিতি ছিল না বলে উল্লেখ করেন তিনি।

বাস দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কৌঁসুলির দপ্তর। আহত বাসচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানান, প্রাথমিক পরীক্ষায় চালকের রক্তে অ্যালকোহল বা মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বাসটি নিয়মিত স্কুলবাস না হলেও ঘটনার সময় এতে বহু শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে ১০০ জনের বেশি দমকলকর্মী ও ৫০ জন পুলিশ সদস্য অংশ নেন। গুরুতর আহত ব্যক্তিদের হেলিকপ্টারে করে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এএম