নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশসদস্যের রগ কেটে দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ
প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন আবুল কালাম। মাদক ব্যবসায়ী শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েকদিন ধরেই আবুল কালামকে হুমকি-ধমকি দিয়ে আসছিলো।

আবুল কালামের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে ডেকে বাড়ির একটি নির্জন স্থানে নিয়ে যায়। এসময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০-১৫ জন মিলে আবুল কালামের ওপর হামলা করে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেন। এতে আবুল কালাম ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তখন হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন:

পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত কালাম বর্তমানে হবিগঞ্জ জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। তবে গত ছয় মাস ধরে তিনি কর্মস্থলে যোগদান না করে নিজ এলাকায় অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত একটি বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।’

তিনি জানান, মাদক কারবার-সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রতিবাদ করা কিংবা কাউকে ধরিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এসএইচ