ইউক্রেন সীমান্ত থেকে আড়াই হাজার কিমি দূরে রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা

রাশিয়ার ওমস্ক শহরের তেল শোধনাগার
বিদেশে এখন
0

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার (১ হাজার ৫৫০ মাইল) দূরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ওমস্ক শহরে দেশটির বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে একটানা আট ঘণ্টার বেশি সময় ধরে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও সামরিক নজরদারি চ্যানেলগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১১ নভেম্বর এই হামলার সময় ওমস্ক শহরজুড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ ওমস্ক অঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এবং মোবাইল ইন্টারনেট সংযোগ সীমিত করে দেয়। ওমস্কের গভর্নর ভিতালি খোতসেঙ্কো স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানান। তিনি দাবি করেন, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির সৃষ্টি হওয়ায় সেখানে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে, তা তিনি স্পষ্ট করেননি।

স্বতন্ত্র রুশ সংবাদমাধ্যম আস্ট্রার ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) বিশ্লেষণে ওমস্ক তেল শোধনাগারের কাছে অগ্নিকাণ্ডের প্রমাণ মিলেছে। স্থানীয় বাসিন্দারাও তেল শোধনাগার এলাকায় আগুন ও ধোঁয়া দেখতে পাওয়ার এবং হামলার পরপরই কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

ওমস্কের এই তেল শোধনাগারটি প্রক্রিয়াকরণ সক্ষমতার দিক থেকে রাশিয়ার বৃহত্তম। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের মালিকানাধীন এই কারখানায় বছরে ২ কোটি ১০ লাখ মেট্রিক টনের বেশি অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। রাশিয়ায় উৎপাদিত মোট পেট্রোল ও ডিজেলের প্রতি ছয় লিটারের এক লিটারই আসে এই শোধনাগার থেকে।

এর আগে চলতি বছরের জুলাই ও অক্টোবরেও এই শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, এই কারখানাটি রুশ সামরিক বাহিনীকে বিভিন্ন ধরনের জ্বালানি, লুব্রিকেন্ট ও পেট্রোকেমিক্যাল পণ্য সরবরাহে সরাসরি যুক্ত। কিয়েভের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ড্রোনের অগ্রগতির ফলে এখন রাশিয়ার পেছনের সারির সুরক্ষিত এলাকাগুলোতেও আঘাত হানা সম্ভব হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের দূরপাল্লার অভিযানকে রাশিয়ার বিরুদ্ধে অন্যতম বড় চাপ হিসেবে উল্লেখ করেছেন।

এএম